রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপি
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দলের স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় সমস্ত সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের প্রধান তারেক রহমানের হাতে ন্যাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত সকল সিদ্ধান্তের দায়ভার দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রদান করা হয়েছে।
এই নির্বাচনের জন্য সংসদের কোনো বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর প্রয়োজন বোধ করলে এ বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে।
এই উচ্চপর্যায়ের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকি, সেলিমা রহমান এবং ড. এ জেড এম জাহিদ হোসেন।
মতামত দিন