Views Bangladesh Logo

আবারও ২ দিনের কর্মসূচি বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামীকাল রবি ও সোমবার দু'দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রিজভী বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন বেশি ত্বরান্বিত হচ্ছে। জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, ক্ষেতে-খামারে বাজারে-শপিং মলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনছেন এবং সমর্থন দিচ্ছেন। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটি আবারও করছে। পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার ও মামলা দিচ্ছে।

রিজভী বলেন, শুধু একজন ব্যক্তির সর্বময় ক্ষমতাধর হওয়ার ইচ্ছার কারণে আজ সারাদেশকে নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছে সরকার। অথচ একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা ছিল— পাকিস্তানিদের বিরুদ্ধে গণতান্ত্রিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির চেতনা। কিন্তু আজকে দেশের মানুষ আতঙ্কের মাঝে দিন পার করছে। দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে এবং নারকীয় প্রকোপ দেখা যাচ্ছে। চারদিকে পুলিশ-র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর রাজত্ব চলছে। বাড়ি থেকে লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে। নারীদের সঙ্গেও দুর্ব্যবহার করছে। গ্রেপ্তার করলেও কোনো তথ্য দিচ্ছে না।

সরকার বিরোধী দলকে নির্মূলের হুমকি দিচ্ছে উল্লেখ করে রিজভী আরও বলেন, গণতন্ত্রে বিরোধী দল স্বীকৃত সত্য। কিন্তু সরকার সেটাকে মানতে চায় না, যাতে তাদের ক্ষমতার মধুর হাঁড়ি উল্টে না যায়। সে জন্যই শেখ হাসিনার ফ্যাসিজমকে পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির নেতাকর্মীরা বিএনপিকে নির্মূলের হুংকার দিচ্ছেন। কিন্তু বিএনপি জনপ্রিয় কিনা সেটা তো সুষ্ঠু নির্বাচনেই প্রমাণিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ