ডোনাল্ড লু’র চিঠি পাওয়ার কথা জানাল বিএনপি
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সংকট নিরসনে তিনটি প্রধান দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু’র পাঠানো চিঠি পেয়েছে বিএনপি। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে যুক্তরাষ্ট্রের এই আহ্বান দল মেনে নেবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে, তাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন। আর এ দাবি মেনে না নিলে তারা সরকারের সঙ্গে আলোচনায় যাবে না এবং সরকার যা বলেছে তা করবে না।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বনানী কার্যালয়ে গিয়ে ব্যক্তিগতভাবে চিঠিটি হস্তান্তর করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে একই চিঠি দেওয়া হবে।
ডোনাল্ড-লু’র চিঠি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির সঙ্গে। তিনি বলেন, তারা তাদের 'দীর্ঘদিনের অনুশীলনের' অংশ হিসাবে ব্যক্তিগত কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মন্তব্য করেন না।
এরইমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মার্কিন অবস্থানের ওপর জোর দিতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকের অনুরোধ করেছেন রাষ্ট্রদূত পিটার হাস ।
মার্কিন দূতাবাসের জারি করা একটি মিডিয়া বিবৃতিতে বলা হয়েছে, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র 'ভিসা নীতি কার্যকর' অব্যাহত রাখবে। ওয়াশিংটন শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সব পক্ষকে সহিংসতা পরিহার ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে