Views Bangladesh Logo

মুন্সিগঞ্জে বিএনপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মী বাবুল পোদ্দার ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছেন।

বুধবার দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান তিনি।

সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মারধরের ঘটনার প্রমাণসহ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নেবেন।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ও তাঁর প্রতীকের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। “নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত একটি নির্দিষ্ট প্রার্থী এগিয়ে আছেন—এমন মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। তবে আমি ও বিএনপি নেতাকর্মীরা আসনের প্রকৃত চিত্র তুলে ধরার পর ভোটারদের চিন্তাভাবনা ও নির্বাচনী পরিবেশে পরিবর্তন এসেছে,” বলেন তিনি।

কামরুজ্জামান রতন বলেন, “আমি বিশ্বাস করি, ভোটাররা এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। তারা সচেতন থাকবেন, বাস্তবতা বিবেচনা করে তাঁদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দেবেন।”

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি নির্বাচনসংক্রান্ত নয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পক্ষের মজিবুর পোদ্দার ও বিএনপি কর্মী বাবুল পোদ্দারের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ