Views Bangladesh Logo

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় পাহাড় কাটা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাউজান পৌরসভার পূর্ব আইলিখিল এলাকার খামার টিলায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. কাউসার উজ জামান বাবলু (৩৬)। তিনি ধলামুখা এলাকার ওয়ার্ড-৯ এর আবুল কালাম সওদাগরের ছেলে এবং বিএনপির একজন কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু ও তার এক চাচাতো ভাই পাহাড় কেটে মাটি উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ কার্যক্রমকে কেন্দ্র করেই তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়, যা হত্যাকাণ্ডের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

তবে নিহতের বাবা আবুল কালাম সওদাগর দাবি করেন, বাবলু তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তাকে গুলি করে হত্যা করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত গ্রুপটিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, পরিবার প্রথমে পুলিশকে জানিয়েছিল বাবলু মাছ ধরতে গিয়েছিলেন।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান ওসি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ মাসে রাউজানে মোট ২২টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১৬ জন বিএনপি নেতা-কর্মী, ৫ জন আওয়ামী লীগ সংশ্লিষ্ট এবং ১ জন পারিবারিক বিরোধের ঘটনায় নিহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ