Views Bangladesh Logo

ময়মনসিংহে বিএনপি কর্মী খুন: জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রানা মিয়া (২৮) নগরীর চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় অটোরিকশাচালক ছিলেন।

মঙ্গলবার (২ জুন) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

ঘটনার পর নিহতের বড় ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১১-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার পর রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মফিদুল ইসলাম মাস্টারের ছেলে মাহমুদুল ইসলাম মাহিন (২০), যাকে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যরা হলেন তোফাজ্জল হোসেন (৪০), হূমায়ুন কবীর আকাশ (২৩) ও মনিরুল ইসলাম (২৪)।

নিহতের স্বজনদের দাবি, জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করাকে কেন্দ্র করে তাদের পরিবারের সঙ্গে মফিদুল ইসলাম মাস্টারের বিরোধ চলছিল। তাদের অভিযোগ, সোমবারের একটি বাগ্‌বিতণ্ডার জেরে মঙ্গলবার বিকেলে ৫০-৬০ জনের একটি দল হামলা চালায়। এ সময় মাহিন ছুরি দিয়ে রানার বুকে আঘাত করেন। হামলায় আরও কয়েকজন আহত হন।

আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মফিদুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সময় আমি বা আমার ছেলে সেখানে উপস্থিত ছিলাম না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমির মাওলানা কামরুল আহসান এমরুল দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক নয়; এটি গোষ্ঠীগত দ্বন্দ্বের ফল।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, নিহত রানা বিএনপির সক্রিয় কর্মী ছিলেন এবং নির্বাচনে তার পক্ষে কাজ করেছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ