কক্সবাজারে তুচ্ছ ঘটনায় বিএনপিকর্মীকে হত্যা, গ্রেপ্তার এক
কক্সবাজারের মহেশখালীতে বিএনপিকর্মী আব্দুর রশিদকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা অমিত হাসানের বিরুদ্ধে।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে তুচ্ছ ঘটনার জেরে অমিতের লাঠির আঘাতে তিনি নিহত হন বলে জানিয়েছেন রশিদের স্বজন ও এলাকাবাসী।
নিহত রশিদ উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার ছেলে। অভিযুক্ত অমিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে স্থানীয় যুবক কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা রশিদের সঙ্গে একই এলাকার ছাত্রলীগ নেতা অমিতের সরকার পতন ও দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় অমিত লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটে পড়েন রশিদ। স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত রশিদের ভাতিজা জাহেদুল ইসলাম জানান, তার চাচার সঙ্গে কোনো পূর্ববিরোধ ছিল না অমিতের। তবে অমিতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত অমিতকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে