Views Bangladesh Logo

বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়েছে হামলাকারীরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার ডান হাত বিচ্ছিন্ন করে সঙ্গে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৮ মে) রাতে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) ওই গ্রামের অহেদ শেখের ছেলে। তিনি হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, মিন্টু শেখ বাড়ির পাশের কলাবাগানের পরিচর্যা শেষে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

ওসি বলেন, হামলাকারীরা এ সময় তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, মিন্টু শেখ দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ