বিশ্ব হিমোফিলিয়া দিবসে বিএমইউতে সচেতনতা র্যালি
বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) প্রাঙ্গণে বর্ণাঢ্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। এতে সহযোগিতা করে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং বিএমইউর হেমাটোলজি বিভাগ।
এ বছরের প্রতিপাদ্য ছিল—‘রোগ নির্ণয়: সুচিকিৎসার প্রথম ধাপ’। সকাল ৮টায় বিএমইউর বটতলা থেকে র্যালি শুরু হয়ে ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিকী। তিনি বলেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ হলেও সময়মতো সঠিকভাবে রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
তিনি আরও বলেন, এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং রোগীদের সঠিক চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মোছাব্বিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, দেশে এখনও অনেক অনিবন্ধিত হিমোফিলিয়া রোগী রয়েছেন। তাদের শনাক্ত করে দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। তারা আশা প্রকাশ করেন, আধুনিক চিকিৎসা ধীরে ধীরে দেশের সর্বস্তরের মানুষের নাগালের মধ্যে পৌঁছে যাবে।
অনুষ্ঠানে হিমোফিলিয়া রোগী ও তাদের অভিভাবকরাও বক্তব্য দেন। তারা চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার আহ্বান জানান।
র্যালিতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজিস্ট, রেসিডেন্ট চিকিৎসক এবং শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালি শেষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রণীত ‘ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অব হিমোফিলিয়া’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে