চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল, ঝোড়ো হাওয়ার শঙ্কা
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ড ও এর আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কোথাও কোথাও বৈরী আবহাওয়ারও সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, লঘুচাপটি ক্রমে দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে উপকূল ও সাগরে ঝোড়ো হাওয়ার ঝুঁকি আপাতত রয়েছে। তাই সমুদ্রবন্দর ও সাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরিস্থিতির ওপর নজর রেখে নিরাপদভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন