কোডিং ছাড়াই কাস্টম ফিড, ব্লুস্কাই আনল এআই অ্যাসিস্ট্যান্ট 'অ্যাটি'
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় পা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। প্রতিষ্ঠানটির নতুন এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কোনো কোডিং ছাড়াই সাধারণ ভাষায় লিখে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো কাস্টম ফিড তৈরি করতে পারবেন।
ব্লুস্কাইয়ের প্রধান উদ্ভাবন কর্মকর্তা জে গ্রেবার ও তাঁর নতুন 'এক্সপ্লোরেশন টিম' মিলে 'অ্যাটি' নামের এই এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছেন। প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট জানিয়েছে, গ্রেবার এটিকে 'এজেন্টিক সোশ্যাল অ্যাপ' হিসেবে বর্ণনা করেছেন, যা ব্লুস্কাইয়ের নিজস্ব ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক 'এটি প্রোটোকল'-এর ওপর ভিত্তি করে তৈরি। এটি ব্যবহারে কোনো কোডিং বা প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই।
অ্যাটির ওয়েবসাইটে এর কিছু উদাহরণ রয়েছে। যেমন 'আমার নেটওয়ার্কে থাকা মানুষদের ইলেকট্রনিক মিউজিক ও এক্সপেরিমেন্টাল সাউন্ডের পোস্টগুলো দেখাও' বা 'যারা এজেন্ট ইনফ্রাস্ট্রাকচার ও ওপেন প্রোটোকল ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের দেখাও'— এমন নির্দেশ দিলেই অ্যাটি তা করে দেবে।
এক ব্লগ পোস্টে গ্রেবার বলেছেন, 'বিষয়টি সফটওয়্যার কনফিগার করার চেয়ে অনেকটা আলাপচারিতার মতো মনে হতে পারে। আপনি কী ধরনের পোস্ট দেখতে চান তা কেবল বর্ণনা করবেন, আর এই কোডিং এজেন্ট সেই অনুযায়ী ফিড তৈরি করে দেবে।'
তিনি আরও জানান, অ্যাটি ব্লুস্কাই থেকে সম্পূর্ণ আলাদা। কোনো ব্যবহারকারী এটি ব্যবহার করতে না চাইলে তাকে বাধ্য করা হবে না। তবে দুটি অ্যাপ একই ফ্রেমওয়ার্কে তৈরি হওয়ায় ভবিষ্যতে এদের মধ্যে বা 'এটি প্রোটোকল'-নির্ভর অন্য যেকোনো অ্যাপের সঙ্গে ফিচার ভাগাভাগির সুযোগ থাকতে পারে।
বর্তমানে অ্যাটি সবার জন্য উন্মুক্ত নয়। কেবল আমন্ত্রিতদের জন্য বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে। তবে আগ্রহীরা তাদের ওয়েবসাইটে গিয়ে অপেক্ষমাণ তালিকায় নাম লিখিয়ে রাখতে পারবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে