পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা, নিহত ৫২
পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা দ্য ডনের খবরে জানানো হয়।
নিহতদের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।
বোমা হামলায় হতাহতের বিষয়টি দ্য ডনকে নিশ্চিত করেছেন নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি।
অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।
এর আগে মাসতাংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাউল মুমিন প্রাথমিক অবস্থায় ১৫ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন।
সহকারী কমিশনার আরও জানিয়েছিলেন, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য যখন মানুষ জড়ো হন তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি (যাচাইবিহীন) ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর রক্তমাখা মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে