নতুন গানে এমটিভি ভিএমএ মঞ্চ মাতালেন ব্ল্যাকপিঙ্কের লিসা
নতুন গান ‘সাওয়াদিকা’ নিয়ে প্রথমবার সরাসরি মঞ্চে পারফর্ম করলেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (এমটিভি ভিএমএ) মঞ্চে গানটি পরিবেশন করেন তিনি।
‘সাওয়াদিকা’ গানের মিউজিক ভিডিওতে বক্সিংয়ের যে আবহ দেখা গেছে, মঞ্চের পরিবেশনাতেও সেটি ধরে রাখেন লিসা। প্রাণবন্ত নাচের সঙ্গে গানের র্যাপ অংশ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন এই থাই গায়িকা ও র্যাপার। একপর্যায়ে চলন্ত প্ল্যাটফর্মে উঠে পারফর্ম করতেও দেখা যায় তাকে।
নতুন গানটির মাধ্যমে লিসা তার র্যাপভিত্তিক পরিবেশনার দিকটিও সামনে এনেছেন। গানটি প্রযোজনা করেছেন থম ব্রিজেস এবং সংগীত প্রযোজনা জুটি ওজিভোল্টা। ব্রিজেস এর আগে কাটআই এবং জন সামিটের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।
‘সাওয়াদিকা’ লিসার আসন্ন ইপির প্রথম ঝলক। ‘প্রেস প্লে’ শিরোনামের ইপিটি আগামী ২৩ অক্টোবর লাউড কো ও আরসিএ রেকর্ডসের মাধ্যমে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
শুধু পারফরম্যান্স নয়, এবারের এমটিভি ভিএমএতে পুরস্কারও পেয়েছেন লিসা। ‘ড্রিম’ গানের জন্য সেরা পপ বিভাগে পুরস্কার জেতেন তিনি। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা। বক্তব্যের বেশির ভাগ সময়ই তাকে চোখের পানি মুছতে দেখা যায়।
এ ছাড়া সেরা সিনেমাটোগ্রাফি, সেরা এডিটিং ও সেরা কে-পপসহ আরও কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন লিসা। সেরা কে-পপ বিভাগে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল নিজের দল ব্ল্যাকপিঙ্কও। ২০২৫ সালে প্রকাশিত ‘জাম্প’ গানের জন্য এ বিভাগে মনোনয়ন পেয়েছিল ব্ল্যাকপিঙ্ক।
এমটিভি ভিএমএর পরও ব্যস্ত সময় কাটবে লিসার। আগামী ১২ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার তথ্যচিত্র 'অলওয়েজ লালিসা'। এর মাত্র ১১ দিন পর, ২৩ অক্টোবর প্রকাশিত হবে তার নতুন ইপি ‘প্রেস প্লে’।
এ ছাড়া চলতি বছরের শেষ দিকে লাস ভেগাসে শুরু হবে লিসার ‘ভিভা লা লিসা’ রেসিডেন্সি। সিজারস প্যালেসের কলোসিয়ামে আগামী ১৩, ১৪, ২৭ ও ২৮ নভেম্বর পারফর্ম করার কথা রয়েছে তার।
মতামত দিন