Views Bangladesh Logo

অভিষেকের ১০ বছর পূর্ণ হলো ব্ল্যাকপিঙ্কের

দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’ তাদের অভিষেকের ১০ বছর পূর্ণ করেছে। চার সদস্যের এই ব্যান্ডটি গত এক দশকে বিশ্বসংগীত ও সমসাময়িক পপ সংস্কৃতির অন্যতম বড় নামে উঠে এসেছে।

জিসু, জেনি, রোজে এবং লিসা—এই চার সদস্যকে নিয়ে ২০১৬ সালের ৮ আগস্ট ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ একক গান প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ব্ল্যাকপিঙ্ক।

এই বিশেষ মাইলফলক উদ্‌যাপনে সিউলের এক গোপন স্থানে নির্বাচিত মাত্র ৪০ জন ভক্তের মুখোমুখি হওয়ার কথা রয়েছে চার সদস্যের। প্রায় এক বছর পর দক্ষিণ কোরিয়ায় ভক্তদের সামনে আবার একসঙ্গে উপস্থিত হচ্ছেন তারা। এর আগে গত বছরের জুলাইয়ে সিউলের গোয়াং শহরে ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের কনসার্টে তাদের যৌথ উপস্থিতি দেখা গিয়েছিল।

গত দশ বছরে ব্ল্যাকপিঙ্ক শুধু সংগীত জগতেই নয়, আন্তর্জাতিক ফ্যাশন, লাক্সারি ব্র্যান্ড এবং বিজ্ঞাপনের দুনিয়ায় নিজেদের প্রভাবশালী উপস্থিতি গড়ে তুলেছে। ২০২২ সালে প্রকাশিত তাদের ‘বর্ন পিঙ্ক’ অ্যালবামটি ইতিহাস গড়ে। প্রথম নারী কে-পপ ব্যান্ড হিসেবে তারা মার্কিন বিলবোর্ড ২০০ তালিকার শীর্ষে জায়গা করে নেয় এবং যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবাম চার্টেও এক নম্বর স্থান অর্জন করে।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ তিন বছর পর তাদের নতুন গ্রুপ প্রজেক্ট ও তৃতীয় ইপি ‘ডেডলাইন’ বাজারে আসে, যা বিলবোর্ড ২০০ তালিকায় আট নম্বরে আত্মপ্রকাশ করে।

২০২৩ সালের ডিসেম্বরে ব্ল্যাকপিঙ্কের যাত্রায় একটি নতুন অধ্যায় যুক্ত হয়। তারা ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে কেবল দলগত কার্যক্রমের চুক্তি নবায়ন করে এবং একক ক্যারিয়ার স্বতন্ত্রভাবে পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরপর জেনি গড়ে তোলেন নিজস্ব লেবেল ‘অড আটেলিয়ার’, লিসা প্রতিষ্ঠা করেন ‘লাউড’, জিসু চালু করেন ‘ব্লিসু’ এবং রোজে যুক্ত হন ‘দ্য ব্ল্যাক লেবেল’-এর সঙ্গে।

দলগত পরিচয়ের বাইরে একক ক্যারিয়ারেও প্রত্যেকে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। আন্তর্জাতিক পপ তারকা ব্রুনো মার্সের সঙ্গে রোজে প্রকাশ করেন ‘অ্যাপার্টমেন্ট’ গানটি, যা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তোলে। এই গানের মাধ্যমে প্রথম কে-পপ শিল্পী হিসেবে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সং অব দ্য ইয়ার’ খেতাব জেতেন তিনি।

জেনি তার প্রথম একক অ্যালবাম ‘রুবি’ প্রকাশের মাধ্যমে নিজের অবস্থান আরও মজবুত করেছেন। একইসঙ্গে সংগীত প্রজেক্ট টেম ইম্পালারের সঙ্গে তার যৌথ গান ‘ড্রাকুলা’ বিলবোর্ড হট ১০০ তালিকায় স্থান করে নেয়।

জিসু মনযোগ দিয়েছেন অভিনয়ে, অন্যদিকে লিসাও এইচবিও-র জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অংশ নিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। এছাড়া ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও একক পারফর্ম করেন লিসা।

অভিষেকের এক দশক পরও কে-পপ জগতে ব্যান্ড হিসেবে ব্ল্যাকপিঙ্কের অভূতপূর্ব সাফল্য এবং একক ক্যারিয়ারের মধ্য দিয়ে দক্ষিণ কোরীয় পপ সংস্কৃতিকে তারা প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছেন বিশ্বমঞ্চে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ