Views Bangladesh Logo

বিকাশে ক্যাশ আউট খরচ কমলো, প্রিয় এজেন্টে হাজারে চার্জ ১৩ টাকা ৯৫ পয়সা

গ্রাহকদের ক্যাশ আউট আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে দুটি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে প্রতি মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করলে প্রতি হাজার টাকায় ১৩ টাকা ৯৫ পয়সা চার্জ দিতে হবে। এই চার্জের মধ্যেই ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে।

রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৮ কোটি ৪০ লাখের বেশি বিকাশ গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে থাকা ৩ লাখ ৫০ হাজারের বেশি বিকাশ এজেন্টের মধ্য থেকে একজন গ্রাহক প্রতি ক্যালেন্ডার মাসে সর্বোচ্চ দুটি এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যুক্ত করতে পারবেন। মাস শেষে প্রয়োজন অনুযায়ী এ নম্বর পরিবর্তনের সুযোগও থাকবে।

‘প্রিয় এজেন্ট’ যুক্ত করতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ক্যাশ আউট অপশনে গিয়ে প্রিয় এজেন্ট মেন্যু অনুসরণ করতে হবে। এছাড়া *২৪৭# ডায়াল করে মাই বিকাশ মেন্যুর প্রিয় নম্বর অপশন থেকেও ‘প্রিয় এজেন্ট’ নম্বর যোগ করা যাবে।

গ্রাহকরা বিকাশ অ্যাপের লিমিট অপশন থেকে মাসিক কম চার্জে ক্যাশ আউটের সীমা ও হিসাবও দেখতে পারবেন।

তবে প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি ক্যাশ আউট করলে বা ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য কোনো এজেন্ট থেকে টাকা তুললে আগের মতোই প্রতি হাজার টাকায় ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ