বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি জিয়া, সেক্রেটারি আতিক
বার্মিংহাম ও মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাদকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মোস্তফা লিমন নির্বাচিত হয়েছেন।
গত ১৯ এপ্রিল স্থানীয় এমটি ক্যাটারিংয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল কবীর খোকনকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হন মোহাম্মদ আতিকুর রহমান।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথভাবে প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।
এর আগে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ওয়াহিদ দুলালের সঞ্চালনায় সভায় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কবীর উদ্দিন ও ছড়াকার-সাংবাদিক শফিকুর রহমান শাহজাহান। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমদ চৌধুরী ও সৈয়দ নাদির আহমদও উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করে। একই সঙ্গে পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্ব, মানোন্নয়ন এবং মর্যাদা সমুন্নত রাখতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে