জাবিতে অনুষ্ঠিত হলো পাখিমেলা
পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘পাখিমেলা’।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো নির্মাণের কারণে পাখিদের আবাসস্থলেও প্রভাব পড়ছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে।
তিনি বলেন, মানুষের পাশাপাশি প্রাণীদেরও নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। আমাদের দায়িত্ব হলো, যে কোনো উদ্যোগ গ্রহণের সময় প্রাণীদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং তাদের জীবনের ভারসাম্য নষ্ট না করা।
মেলায় ‘বিগ বার্ড বাংলাদেশ’, ‘সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড’, ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ এবং ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে