নরসিংদীতে বড় পরিসরে পুনর্নির্মাণ হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউরের ম্যুরাল
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে অপসারণ করা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরাল নতুন করে আরও বড় পরিসরে পুনর্নির্মাণ করা হচ্ছে নরসিংদীতে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পুনর্নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণের অংশ হিসেবে মহাসড়কের পাশে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করা হয়। বীরশ্রেষ্ঠের পরিবারের অনুমতি সাপেক্ষেই এই অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়ক উন্নয়নের জন্য নির্ধারিত এলাকার বাইরে মহাসড়কের পাশেই আগের নকশা ও কাঠামো অনুসরণ করে ম্যুরালটি পুনর্নির্মাণ করা হবে। নতুন ম্যুরালটির আকার হবে ৩০ ফুট বাই ৩০ ফুট, যেখানে আগেরটি ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট। ফলে দূর থেকেও ম্যুরালটি আরও স্পষ্টভাবে দেখা যাবে।
ইউএনও মো. মাসুদ রানা বলেন, আমরা প্রথমে চেয়েছিলাম ম্যুরালটি রেখেই উন্নয়নকাজ করতে। কিন্তু এটি সড়কের মাঝখানে পড়ে যাওয়ায় সড়ক ও জনপদ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সাময়িকভাবে অপসারণ করা হয়। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান নেই। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী ২৬ মার্চের আগেই নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে পাকিস্তানের একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় তিনি শহীদ হন। অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। তার স্মৃতি সংরক্ষণে সেখানে ২০০৮ সালে একটি জাদুঘর নির্মাণ করা হয়। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় নির্মিত ‘বাংলার ঈগল’ স্মৃতিফলকটি বীরশ্রেষ্ঠের স্মরণে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে