Views Bangladesh Logo

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

আজ ৫ সেপ্টেম্বর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী। স্বাধীনতার এই বীর যোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে শনিবার নড়াইলের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের উদ্যোগে যৌথভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির শুরুতে নূর মোহাম্মদ শেখের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় বিশেষ মোনাজাতের। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে তাঁর জীবন ও অবদান নিয়ে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজনও কর হয়েছে।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ। ১৯৫৯ সালে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগ দেন তিনি। দীর্ঘ সময় দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালনের পর ১৯৭০ সালের জুলাইয়ে তাঁকে যশোর সেক্টরে বদলি করা হয়, যেখানে তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি লাভ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৮ নম্বর সেক্টরের অধীনে যশোর সীমান্তে হানাদার বাহিনীর বিরুদ্ধে একাধিক সম্মুখযুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন তিনি। যুদ্ধ চলাকালে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলে নূর মোহাম্মদ তাঁকে কাঁধে তুলে নেন এবং এক হাতেই এলএমজি দিয়ে শত্রুদের ওপর গুলিবর্ষণ অব্যাহত রাখেন। এ সময় পাকিস্তানি বাহিনীর নিক্ষিপ্ত মর্টারের গোলার আঘাতে মারাত্মক আহত হওয়া সত্ত্বেও সহযোদ্ধাদের জীবন রক্ষা ও অস্ত্র উদ্ধার নিশ্চিত করে বীরের মতো শহীদ হন তিনি।

পরে সহযোদ্ধারা যশোরের শার্শা উপজেলার কাশিপুরে এই বীর যোদ্ধাকে সমাহিত করেন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়। ২০০৮ সালে সরকার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্মস্থান মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে 'নূর মোহাম্মদ নগর' ঘোষণা করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ