মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা
মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর পদ্মা সেতু এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামি হয়েছেন মাদারীপুরের একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আওয়ামী লীগ নেতা।
মামলার এজাহারে ২১৯ নম্বরে তাঁর নাম থাকলেও তিনি গত ২৯ মার্চ মারা গেছেন। এ ঘটনায় পুলিশের মামলা প্রস্তুত ও আসামিদের তালিকা যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম মামলার এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামি হওয়া ওই ব্যক্তির নাম জহিরুল হক সামচু ঢালী (৭৬)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত সামচু ঢালী কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই ঘটনার পর ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে প্রয়াত সামচু ঢালীর নাম।
তবে সামচু ঢালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। তিনি জানান, সরকারি মৃত্যুসনদ অনুযায়ী, গত ২৯ মার্চ স্বাভাবিকভাবে মারা যান সামচু ঢালী। অর্থাৎ মামলার অভিযোগে উল্লেখ করা ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী। তিনি বলেন, মৃত্যুর পর তাঁর বাবাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এরপরও শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে মৃত্যুর পর তাঁকে মামলার আসামি করা হয়েছে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার আসামিদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় কোনো মৃত ব্যক্তির নাম রয়েছে কি না, তা আগে যাচাই করা হয়নি। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেলে অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হবে।
মতামত দিন