দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ইমার্জিং দল, ফিরছেন বিপ্লব
জুলাইয়ের ২৭ তারিখ দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরে একটি ত্রিদেশীয় সিরিজ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে দলটি।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাশাপাশি অংশ নেবে স্থানীয় একটি স্পোর্টস ইউনিভার্সিটি দল। সিরিজ শেষে অনুষ্ঠিত হবে চারদিনের দুটি ম্যাচ।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি, তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর বিসিবির কোনো কর্মসূচিতে সুযোগ পাচ্ছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অন্যদিকে, সবশেষ সিরিজে থাকা ইয়াসির রাব্বি এবার দলে নেই।
সম্ভাব্য দলে রয়েছেন ইফতেখার ইফতি, মাহফিজুল রবিন, আশিকুর শিবলি, মইন খান, আবু হাশিম ও রোহানতদৌলা বর্ষণ। নতুন মুখ হিসেবে সুযোগ পাচ্ছেন ইরফান শুক্কুর, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী অলিন এবং মোহাম্মদ আব্দুল্লাহ সিফাত।
এদিকে, এই সফরে কোচিং স্টাফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।
এর আগে এইচপি (হাই পারফরম্যান্স) বিভাগ নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দক্ষিণ আফ্রিকা সফরে নতুন ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মতামত দিন