নির্বাচন কমিশনকে দল নিবন্ধনের শর্ত শিথিলের আহ্বান বিপ্লবী গণজোটের
নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলীয় নিবন্ধনের শর্ত শিথিল করার আহ্বান জানিয়েছে সাতটি অনিবন্ধিত রাজনৈতিক দলের জোট বিপ্লবী গণজোট। শর্ত সংশোধন করে শুধুমাত্র একটি কেন্দ্রীয় কার্যালয়, একটি কেন্দ্রীয় কমিটি এবং একটি সাংগঠনিক সনদের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের প্রস্তাব দিয়েছে জোটটি।
জোটের সাত সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে দাবিগুলো উত্থাপন করেন।
গত বছরের নভেম্বরে বাংলাদেশ গণমুক্তি পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি, বিপ্লবী গরিব পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ পিস ফোরাম, বাংলাদেশ সাম্যবাদী দল এবং প্রয়াত নেতা স্মৃতি সংসদ নিয়ে গঠিত হয় বিপ্লবী গণজোট।
বৈঠক শেষে জোটের সমন্বয়কারী এবং গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম সাংবাদিকদের বলেন, ‘আমরা অনুরোধ করেছি, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যালয় এবং সনদের ভিত্তিতে একটি দলের নিবন্ধন মঞ্জুর করা হোক’।
বর্তমান নিবন্ধন আইনের সমালোচনা করে এটিকে ‘অবাস্তব’ এবং ২০০৭-২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের উত্তরাধিকার বলে অভিহিত করেন মোনেম।
‘শেখ হাসিনার সরকার আইনটিকে আরও সীমাবদ্ধ করে তুলেছে’- বলেন তিনি।
প্রতিনিধি দলে আরও ছিলেন সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির, গরিব পার্টির দিদার হোসেন, পিস ফোরামের জসিম উদ্দিন রাজা, প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলোক চৌধুরী, সাম্যবাদী দলের আহমদ হোসেন ভূঁইয়া এবং গ্রিন পার্টির মোজাম্মেল হক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে