দীর্ঘ ছয় বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। প্রায় ছয় বছর পর নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় দেখা যাবে তাঁকে। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর জন্য নির্মিতব্য সিরিজটি পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান নির্মাতা হংসল মেহতা। তবে এখনো সিরিজটির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে বিপাশার সঙ্গে অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কার যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন। সিরিজটি প্রযোজনা করছেন প্রভলীন সান্ধু। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলমাইটি মোশন পিকচার্স’-এর ব্যানারে নির্মিত হচ্ছে এটি।
অপরাধজগতের বিস্তার ও মাদক ব্যবসাকে ঘিরে আবর্তিত হবে সিরিজটির কাহিনি। গল্পের পটভূমি একটি ছোট শহর, যা ধীরে ধীরে মহাদেশের অন্যতম বড় হেরোইন ব্যবসার কেন্দ্রে পরিণত হয়। মাদক কারবারের বিস্তার এবং এর সঙ্গে জড়িয়ে পড়া বিভিন্ন পক্ষের তৎপরতায় শহরটির পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।
গল্পে সানি কৌশলকে দেখা যাবে একজন সৎ ও আপসহীন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তাঁকে নিজের বিভাগের পাশাপাশি প্রভাবশালী মহলের বাধার মুখেও পড়তে হয়। দায়িত্ব পালনে সততা ধরে রাখার লড়াইয়ে ব্যক্তিগত ও মানবিক নানা সংকটের মুখোমুখি হতে হবে তাঁকে। তবে বিপাশা বসু ও বিশাল জেঠওয়ার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্যক্তিজীবন ও পরিবারের কারণে সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে খুব একটা সক্রিয় ছিলেন না বিপাশা। ২০১৬ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২২ সালের নভেম্বরে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান দেবী। এরপর থেকে নতুন কোনো বড় অভিনয় প্রকল্পে তাঁকে দেখা যায়নি।
এর আগে ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন বিপাশা। এরও আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া ভৌতিক চলচ্চিত্র ‘অ্যালোন’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। নতুন সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে তাঁর প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে সিরিজটির নাম, বিপাশার চরিত্র এবং মুক্তির সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব বিষয়ে অপেক্ষা করতে হবে।
মতামত দিন