Views Bangladesh Logo

বিমসটেক মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিমসটেক কাঠামোর আওতায় চলমান কার্যক্রম ও মূল অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন মহাসচিব। বিমসটেক এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন তিনি। পাশাপাশি বঙ্গোপসাগর অঞ্চলজুড়ে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বও তুলে ধরেন ইন্দ্র মণি পান্ডে।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমসটেক প্রক্রিয়ায় বাংলাদেশের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বিমসটেকের সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নিতে সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি। সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ‘সবার আগে বাংলাদেশ’ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের জনগণের কাছে বাস্তব সুফল পৌঁছে দিতে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ অগ্রাধিকার খাতগুলোতে সহযোগিতা বাড়াতে হবে।

বিমসটেকের সভাপতি হিসেবে সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলোর সময়মতো বাস্তবায়ন সহজ করতে পারস্পরিক সুবিধাজনক সময়ে সেক্টরাল সভা আয়োজনে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া বিমসটেকের কার্যসূচি আরও এগিয়ে নেওয়া এবং সমৃদ্ধ, প্রাণবন্ত ও উন্মুক্ত বিমসটেকের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এ অঞ্চলের মানুষের জন্য সুনির্দিষ্ট ফলাফলে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশের সভাপতিত্বকালে সম্ভাব্য উদ্যোগগুলো নিয়ে মতবিনিময় করে উভয় পক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ