Views Bangladesh Logo

বিমসটেক ২০২৫: ইউনূস-মোদি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা কম

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাংককে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। তবে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই সফরে মোদির একমাত্র দ্বিপাক্ষিক বৈঠক হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে। যেটি অনুষ্ঠিত হবে সম্মেলনের এক দিন আগে ৩ এপ্রিল।

থাইল্যান্ড সফর শেষে ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোদি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা ডিসানায়াকের আমন্ত্রণে কলম্বো সফর করবেন।

বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ইউনূস ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছিল। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ঢাকার অনুরোধ ‘বিবেচনাধীন’ রয়েছে।

গত বছর আগস্টে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর থেকে অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক এখনো হয়নি।

১৯৯৭ সালে গঠিত বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।

এটি ২০১৮ সালের পর বিমসটেক নেতাদের প্রথম সরাসরি সাক্ষাতের সুযোগ। এর আগে ২০২২ সালের মার্চে কলম্বোতে অনুষ্ঠিত সর্বশেষ বিমসটেক সম্মেলন ভার্চুয়াল ফরম্যাটে হয়েছিল।

সম্মেলনে বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ