রিয়াদে বিমানের ফ্লাইট চালু ২৬ অক্টোবর, শুরু হয়েছে দাম্মামে
সৌদি আরবের রিয়াদে আবারও ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে ঢাকা-দাম্মাম রুটে বুধবার থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বুধবার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট পরিস্থিতির উন্নতি হওয়ায় রিয়াদগামী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ঢাকা-দাম্মাম রুটে ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ সময় প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে উড়োজাহাজ ছেড়ে যাবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
বিজ্ঞপ্তিতে ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইটসূচিতে পরিবর্তনের কথাও জানানো হয়েছে। ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে ঢাকা-মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান।
মতামত দিন