Views Bangladesh Logo

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই সাময়িক কর্মকর্তা বরখাস্ত

সৌদি আরব থেকে ফেরা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে দেরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট। ফ্লাইটে থাকা ওমরাহযাত্রীদের জমজমের পানি পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমজমের পানি বহনকারী কনটেইনার নামানো এবং পরবর্তী পরিচালনাপ্রক্রিয়ায় গাফিলতির কারণে তা সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছানো সম্ভব হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান।

যাত্রীদের অপেক্ষার সময় কমাতে বিমান কর্তৃপক্ষ নিজেদের সংরক্ষিত জমজমের পানি দিয়ে তাৎক্ষণিকভাবে বিতরণ শুরু করে। পরে আরেকটি কনটেইনারের অবস্থান শনাক্ত হলে সেটির পানিও যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এর লক্ষ্য।

এদিকে, জমজমের পানি পেতে দেরি হওয়ায় ওই ফ্লাইটে থাকা কয়েকজন সংসদ সদস্য এর আগে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ, ঢাকায় নামার পর তিন ঘণ্টা পার হলেও ট্যাগ লাগানো জমজমের পানি তারা হাতে পাননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ