ঢাকা বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ বিমানের কর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি ৪ গ্রাম সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কারিগরি সহকারীকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক কর্মীর নাম সজীব বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিরাপত্তা বিভাগের পরিচালক মেজর ফারহান তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনা পাচারের সম্ভাব্য তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছিল।
তিনি বলেন, যাত্রীরা বিমান থেকে নেমে যাওয়ার পর নিরাপত্তাকর্মীদের দেখে সজীব পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেখানো স্থান থেকে উড়োজাহাজের ভেতরে রাখা সোনার চালান উদ্ধার করা হয়।
ফারহান তানভীর জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আটক কর্মী ও উদ্ধার করা সোনা শুল্ক বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
এর আগে চলতি সপ্তাহেই একই বিমানবন্দরে একটি ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ থেকে ৯ দশমিক ৩৩ কেজি সোনা উদ্ধার করে শুল্ক কর্মকর্তারা। উড়োজাহাজটির একটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব সোনা পাওয়া যায়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ছিল ২০ কোটি টাকা।
মতামত দিন