এক বছর পর ফের চালু হল ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এই রুট পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই রুট পুনরায় চালু করতে সরকারের সম্মিলিত প্রচেষ্টার সফল বাস্তবায়ন হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ঢাকা-নারিতা রুট লাভজনক হবে এবং ভবিষ্যতে এটি আর বন্ধ করার প্রয়োজন হবে না। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী কয়েকটি ফ্লাইটেরও আসন আগেভাগেই বুকিং সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং জনসম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে অবস্থানরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, কর্মী ও প্রবাসীদের যাতায়াত সহজ করতেই এই রুট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের যাত্রীচাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, বিমান বহরে এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে এই রুটের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নেওয়া যায়।
তিনি বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও জাপানের সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথম ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রধান উপদেষ্টা তারেক রহমানের নির্দেশনায় পুনরায় এই ফ্লাইট চালু করা হয়েছে।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এই রুটে সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
মতামত দিন