Views Bangladesh Logo

উড্ডয়নের আড়াই ঘণ্টার মধ্যে বিমানযাত্রীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে অসুস্থ হয়ে মারা গেলেন বাংলাদেশ বিমানের এক যাত্রী। বিমানটি উড্ডয়নের আড়াই ঘণ্টার মধ্যেই ওই যাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। তবে বিমানটি জরুরি অবতরণ না করে আরও ৯ ঘণ্টা যুক্তরাজ্যের পথে ওড়ে।

মারা যাওয়া ওই ব্রিটিশ নাগরিকের নাম শুয়াইবুর রহমান চৌধুরী। ফ্লাইট লগ অনুসারে জানা যায়, বিমানটি গত ১২ নভেম্বর বাংলাদেশ সময় সোয়া ১০টার দিকে উড্ডয়ন করে। জিএমটি/ইউটিসি অনুযায়ী সময় তখন সকাল ৪টা ১৬ মিনিট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ১১ ঘণ্টা ৩৭ মিনিট পর ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

এ ব্যাপারে পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন ফজল মাহমুদ গণমাধ্যমকে বলেন, 'ওই যাত্রীকে মৃত বলে ধরে নেওয়ার পর পার্সার তার মরদেহটি নিয়ে একটি খালি সিটের সারিতে শুইয়ে দেয়।'

প্রোটোকল অনুসারে, যেকোনো মুহূর্তে ফ্লাইটের কোনো যাত্রীর যদি জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিমানটিকে একটি মেডিকেল জরুরি ঘোষণা করে সম্ভাব্য নিকটতম বিমানবন্দরে জরুরি বার্তা পাঠাতে হবে এবং অবতরণের জন্য প্রস্তুত হতে হবে।

বিমানের সূত্র অনুসারে, প্রতিটি বিমানবন্দর জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এ জন্য বিমানবন্দরের নিকটতম হাসপাতালগুলোকে সতর্ক করা হয় এবং অ্যাম্বুলেন্স ও প্যারামেডিকদের স্ট্যান্ডবাই রাখা হয়।

তবে বিমানের পাইলট কেন নিকটস্থ বিমানবন্দরে অবতরণ করেননি- এর কারণ জানতে চাইলে পাইলট বলেন, 'আমার উদ্দেশ্য ছিল তাকে বাঁচানো, শেষকৃত্যের আয়োজন করা নয়। তাকে আগেই মৃত বলে ধরে নেওয়া হয়েছিল।'

এ প্রসঙ্গে বিমানের লন্ডনে কান্ট্রি হেড ইরতেজা কামাল চৌধুরী বলেন, বিমান এখনও এ ঘটনার তদন্ত করেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ