Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নারিতা-ঢাকাগামী ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি ৩৭৭-এর উড্ডয়নের আগে এ ত্রুটি দেখা দেয়।

শুক্রবার (৩০ অক্টোবর) জারি করা এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিমানের পরিকল্পনা ও সময়সূচি বিভাগের প্রধানকে কমিটির প্রধান করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনবিষয়ক বিভাগের ব্যবস্থাপক। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রকৌশল উৎপাদন বিভাগের প্রধান প্রকৌশলী এবং ফ্লাইট সেফটি বিভাগের উপপ্রধান।

কমিটিকে ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণের পাশাপাশি তা শনাক্ত ও মেরামতে নেওয়া কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মেরামতের পর উড়োজাহাজটির পুনরায় উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করার বিষয়টিও খতিয়ে দেখবে কমিটি।

এ ঘটনায় ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক সুনামের ওপর প্রভাবও মূল্যায়ন করা হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা করে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা নির্ধারণ করবে কমিটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেওয়া হবে।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। কমিটি প্রয়োজনে বিমানের অন্য কর্মকর্তাকেও তদন্তে যুক্ত করতে পারবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ