বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা ড্যাশ-৮ কিউ-৪০০ মডেলের একটি উড়োজাহাজের চাকা খুলে যাওয়ার ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে গ্রহণ করা হয়েছে একাধিক সতর্কতামূলক কর্মপরিকল্পনা।
গত ১৬ মে কক্সবাজার থেকে উড্ডয়নের পর উড়োজাহাজটি চাকা হারালেও এটি নিরাপদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি কমিটি বিমান নিরাপত্তা প্রধানের নেতৃত্বে নিরাপত্তাবিষয়ক তদন্ত পরিচালনা করবে। অপর কমিটি প্রকৌশল ও উপকরণ ব্যবস্থাপনা অধিদপ্তরের নেতৃত্বে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ নথিসহ কারিগরি দিকগুলো পর্যালোচনা করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য তারা সুপারিশ প্রদান করবে।
উভয় কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে চাকা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে বিয়ারিং ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।
ওই উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড এয়ারক্রাফট তাদের রক্ষণাবেক্ষণ নির্দেশিকায় উল্লেখ করে, বিয়ারিংয়ের ত্রুটি থাকলে চাকা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তবে চূড়ান্ত তদন্ত শেষে সঠিক কারণ নিশ্চিত করা হবে।
ঢাকায় অবতরণের পর প্রকৌশলীরা নিশ্চিত করেন, বাম পাশের দ্বিতীয় চাকাটি নেই। উড্ডয়নের পর এমন ঘটনায় তাৎক্ষণিক ঢাকায় অবস্থানরত সব ড্যাশ-৮ উড়োজাহাজের চাকা পর্যবেক্ষণ করে বিমান বাংলাদেশের প্রকৌশলী টিমের সদস্যরা।
এ ছাড়াও কানাডার ডি হ্যাভিল্যান্ড এয়ারক্রাফটের সঙ্গে যোগাযোগ করেছে বিমান কর্তৃপক্ষ। জানা গেছে, প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ১৯ মে বিশেষজ্ঞ প্রযুক্তিগত দল পাঠাতে সম্মতি জানিয়েছে।
যাত্রীদের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিমান বাংলাদেশ জানিয়েছে, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে তারা কঠোর শূন্য-সহনশীলতা নীতি অনুসরণ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে