Views Bangladesh Logo

রোমে আটকে পড়া বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকায় পৌঁছাবে দুপুরে

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। ফ্লাইটটি রবিবার (৯ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্লাইটিটি দেশের উদ্দেশে যাত্রা করেছে। দুপুর ১২টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।’

এর আগে, উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। প্রকৌশলীরা সেখানে পৌঁছানোর পর দ্রুততম সময়ে কারিগরি ত্রুটি নিরসনের কাজ সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজটি। আট ঘণ্টা উড্ডয়ন শেষে শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে জ্বালানি নেওয়ার জন্য এটি রোমে অবতরণ করে। এরপর সকাল ৭টা ২০ মিনিটে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়লে এটি ফিউমিচিনো বিমানবন্দরে আটকে যায়।

ফ্লাইটটি আটকে যাওয়ার পর রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেল আবাসন ও খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ