রোমে আটকা পড়া বিমানের সেই ফ্লাইট ঢাকায় পৌঁছেছে
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা ফ্লাইটটি অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি। শুক্রবার ইতালির রোম বিমানবন্দরে জ্বালানি নিতে যাত্রাবিরতি করলে বিমানটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। টানা আট ঘণ্টা চেষ্টার পরও প্রকৌশলীরা ত্রুটির সমাধান করতে না পারায় ফ্লাইটটি সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়।
ত্রুটি মেরামতের জন্য শনিবার রাতে (বাংলাদেশ সময় সোয়া ১১টা) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ প্রকৌশল দল প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে ঢাকা থেকে রোমে পৌঁছায়। প্রকৌশলীদের দ্রুত মেরামতের পর বিমানটিকে পুনরায় উড্ডয়ন উপযোগী ঘোষণা করা হয় এবং তা ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এদিকে ইতালিতে দীর্ঘ সময় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভুক্তভোগীদের অভিযোগ, রোমে অবতরণের পর বিমানটির ভেতরেই তাদের প্রায় আট ঘণ্টা বসিয়ে রাখা হয়। পর্যাপ্ত বাতাসের অভাব ও দীর্ঘ অপেক্ষায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।
ইতালির ভিসাজনিত জটিলতায় বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের বিমানবন্দরের বাইরে কোনো হোটেলে নেওয়ার অনুমতি দেয়নি স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে তাদের বাধ্য হয়ে বিমানবন্দর টার্মিনাল ও লাউঞ্জেই অবস্থান করতে হয়। রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও জায়গা অপ্রতুল হওয়ায় অনেক যাত্রীকে মেঝে ও চেয়ারে ঘুমিয়ে রাত কাটাতে হয়।
যাত্রীরা আরও অভিযোগ করেন, দীর্ঘ সময়ের এই ট্রানজিটে সময়মতো খাবার সরবরাহ করা হয়নি। এ ছাড়া অনেকের জরুরি ওষুধ ও ইনসুলিন লাগেজে থেকে যাওয়ায় তারা সময়মতো ওষুধ খেতে পারেননি।
মতামত দিন