মধ্যপ্রাচ্য উত্তেজনায় ৮ মার্চ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যগামী তাদের সব ফ্লাইট আগামী ৮ মার্চ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ ছিল, যা এখন ৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। তবে পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটে।
পরিসংখ্যান অনুযায়ী, চলমান যুদ্ধপরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অনিশ্চয়তা কাটবে না। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে