Views Bangladesh Logo

আমিরাতে পুলিশ হেফাজতে বিমানের কেবিন ক্রু মীর্জা আদনান

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ দিন ধরে ‘লাপাত্তা’ থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মীর্জা আদনান দেশটির সিআইডি পুলিশের হেফাজতে রয়েছেন। তবে ঠিক কোন অভিযোগে বা সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি আমিরাতের কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন জানান, ফ্লাইট পরিচালনার জন্য আমিরাতে গিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আদনানকে আটক করে। তিনি বলেন, আটকের কারণ ইমিগ্রেশন সাধারণত জানায় না। তাদের নিজস্ব তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হবে অথবা কোনো অপরাধের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিমানের শারজাহ স্টেশনের একটি সূত্র জানায়, গত ২২ জুলাই বিজি-১৫১ ফ্লাইট পরিচালনার পর শারজাহ বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মীর্জা আদনানকে আটক করে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

শারজাহ স্টেশন ম্যানেজার জাকির হোসাইন বলেন, শারজাহ সিআইডি আদনানকে আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করেছে। বিষয়টি বাংলাদেশ দূতাবাস ও বিমানের আবুধাবি স্টেশনকে জানানো হয়েছে। তিনি জানান, শারজাহ বিমানবন্দরের পুলিশ ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আটকের কারণ সম্পর্কে কোনো তথ্য দেননি।

বিমানের আবুধাবি স্টেশন ম্যানেজার আনোয়ার উল ফিরদাউস জানান, তারা আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইডির সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই কোনো তথ্য দিতে রাজি হয়নি। তাদের জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে। বাংলাদেশ দূতাবাসও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ