ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া, কনসার্ট ২৭ নভেম্বর
‘বিলিয়নেরা’খ্যাত জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা ঢাকায় পৌঁছেছেন। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর সংগীতানুষ্ঠান।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় পৌঁছান ওটিলিয়া। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
বাংলাদেশে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
এক পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার সব অসাধারণ ভক্তের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। খুব শিগগিরই দেখা হচ্ছে।’
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদিরও। আন্তর্জাতিক পপসংগীতের সঙ্গে ফুয়াদ ও তাঁর ব্যান্ডের দেশীয় সুরের পরিবেশনা আয়োজনটিতে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহী ছিলেন। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান তিনি। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। কয়েকটি দেশের সংগীত তালিকার শীর্ষস্থানেও জায়গা করে নেয় গানটি।
এর আগে ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় এলেন জনপ্রিয় এই রোমানিয়ান সংগীতশিল্পী।
মতামত দিন