Views Bangladesh Logo

ইউটিউবের আধিপত্যের বাজারে ধস নামাতে বিশ্ববাজারে বিলিবিলির বড় সম্প্রসারণ

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার চীনের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক বাজারের জন্য নতুন করে অ্যান্ড্রয়েড অ্যাপ চালুর পাশাপাশি বিদেশি ভিডিও নির্মাতাদের প্ল্যাটফর্মে যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার লক্ষ্যেই এই সম্প্রসারণ পরিকল্পনা সাজানো হচ্ছে বলে প্রযুক্তি সংশ্লিষ্টদের ধারণা।

বিলিবিলির নতুন আন্তর্জাতিক অ্যাপের অন্যতম বড় পরিবর্তন হলো নিবন্ধন প্রক্রিয়া সহজ করা। আগে বিদেশি ব্যবহারকারীদের ভিডিও প্রকাশের জন্য পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাই করতে হতো। নতুন সংস্করণে সেই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে অ্যাপটি অ্যান্ড্রয়েডে চালু হয়েছে, আর আইওএস সংস্করণও শিগগির আসার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরও দেশে সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

নতুন আন্তর্জাতিক সংস্করণে চীনা ও বিশ্বের অন্যান্য দেশের কনটেন্ট একই প্ল্যাটফর্মে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য স্থানীয় বাজারভিত্তিক সুবিধা বাড়ানোর কাজ চলছে। বিলিবিলি ইতোমধ্যে ইংরেজি ভাষার ওয়েবসাইট ও আন্তর্জাতিক নির্মাতাদের জন্য আরও সহজ কনটেন্ট প্রকাশের ব্যবস্থা তৈরির কাজ করছে।

বিদেশি নির্মাতাদের আকৃষ্ট করতে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে জনবলও নিয়োগ করছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ব্যবস্থাপনা ও স্থানীয় কার্যক্রমের জন্য কর্মী নিয়োগের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক একটি পদে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কনটেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরির কাজের কথাও উল্লেখ রয়েছে।

শুধু দর্শক বাড়ানো নয়, আন্তর্জাতিক নির্মাতাদের জন্য আয়ের সুযোগ তৈরিতেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। নির্মাতা ও ব্র্যান্ডের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের জন্য একটি আলাদা বাজারব্যবস্থা তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতার সুযোগ বাড়িয়ে বিশ্বের জনপ্রিয় নির্মাতাদের বিলিবিলিতে আনতে চায় প্রতিষ্ঠানটি।

অ্যানিমেশন, গেমিং ও বিনোদনভিত্তিক কনটেন্টের জন্য চীনে দীর্ঘদিন ধরে শক্তিশালী দর্শকভিত্তি তৈরি করেছে বিলিবিলি। এখন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তবে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পর্যাপ্ত দর্শক, জনপ্রিয় নির্মাতা, স্থানীয় কনটেন্ট এবং কার্যকর আয়ব্যবস্থা নিশ্চিত করাই হবে বিলিবিলির সবচেয়ে বড় পরীক্ষা।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ