Views Bangladesh Logo

অগ্রিম আয়কর দিতে চান না বাইকাররা, এনবিআরে স্মারকলিপি

আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনার বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) স্মারকলিপি দিয়েছেন বাইকাররা। রোববার সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভের পর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেন।

প্রতিনিধি দলের সদস্য একেএম ইমন জানান, আলোচনায় এনবিআর কর্মকর্তারা বাইকারদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং গণমাধ্যমে আসা অঙ্কগুলো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন। তবে কোনো ধরনের অগ্রিম আয়কর না দেওয়ার অবস্থানে অটল থাকার কথা জানান তিনি।

এনবিআরের পরিকল্পনা অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রেখে ১১১ থেকে ১২৫ সিসিতে দুই হাজার, ১২৬ থেকে ১৬৫ সিসিতে পাঁচ হাজার এবং ১৬৫ সিসির বেশি হলে বার্ষিক ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আদায়ের কথা আলোচনায় উঠেছে। তবে গত বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই করহারকে ‘অনেক বেশি’ বলে মন্তব্য করেন এবং হার কমিয়ে যথাক্রমে এক হাজার, তিন হাজার ও পাঁচ হাজার টাকা নির্ধারণের নির্দেশনা দেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে কোনো অগ্রিম আয়কর দিতে হয় না। আগামী অর্থবছর থেকে এই খাতে কর আরোপের কথা জানিয়েছে এনবিআর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ