পশ্চিমা-রাশিয়া বন্দিবিনিময়: মুক্তি পেলেন মার্কিন সাংবাদিক গার্শকোভিচসহ ২৪ জন
তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বন্দিবিনিময় হলো। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিক ইভান গার্শকোভিচ এবং রুশ গোয়েন্দা সংস্থার একজন কর্নেলসহ উভয় পক্ষের মোট ২৪ জন মুক্তি পেয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি।
এই বন্দিবিনিময় চুক্তির আওতায় রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৬ জন। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৮ জন। মুক্তির পর বন্দিদেরকে তুরস্কের রাজধানী আঙ্কারার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৬ জন। তাদের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গার্শকোভিচ, সাবেক মার্কিন নৌসেনা পল হুইলেন, মার্কিন-রুশ দ্বৈত নাগরিক অলসু কুরমাশেভা ও মার্কিন গ্রিন কার্ডধারী কারা-মুর্জা রয়েছেন।
মুক্তি পাওয়া যুক্তরাষ্ট্রের এই চার নাগরিকের বিষয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দিবিনিময়ের এই চুক্তিকে তিনি ‘কূটনৈতিক অর্জন’ হিসেবে অভিহিত করে বলেন, ‘অনেক দেশ আমার অনুরোধে বন্দিবিনিময় আলোচনায় যোগ দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাই।’
বাইডেন আরও বলেন, মুক্তিপ্রাপ্তদের ‘শো ট্রায়ালে’ দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং বৈধ কারণ ছাড়াই দীর্ঘ কারাবাসের শাস্তি দেয়া হয়েছিল।
হোয়াইট হাউস আরও জানায়, অন্যদিকে রাশিয়ার যে ৮ জন বন্দি মুক্তি পেয়েছেন, তাঁরা যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির কারাগারে ছিলেন। তাদের মধ্যে দুজন শিশুও রয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, মুক্তি পেয়ে ফিরে আসা রাশিয়ানদের সঙ্গে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে দেখা করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাদেরকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পশ্চিমাদের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক অ্যালেক্সি নাভালনির ঘনিষ্ঠ লিওনিদ ভলকভ বলেন, ঐতিহাসিক এ বন্দিবিনিময় অনেকের জন্য আনন্দের হলেও তার জন্য মোটেও আনন্দের নয়। কেননা নাভালনি বেঁচে থাকলে তিনিও এ তালিকায় স্থান পেতেন। তার নামটিও এ তালিকায় রাখা হতো।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে এক যুগ ধরে বন্দি থাকা রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউতের মুক্তি দিয়েছিল যুক্তরাষ্ট্র । এর বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিয়েছিল রাশিয়া।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে