Views Bangladesh Logo

দ্বিস্তরের টেস্টের জন্য বৈঠকে বসছে ‘বিগ থ্রি’

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বারও নতুন করে আলোচনায় এসেছে দুই স্তরের টেস্ট ক্রিকেট কাঠামো। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, এই মাসের শেষের দিকে আইসিসির চেয়ারম্যানের সঙ্গে ক্রিকেটের ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোর্ড প্রধানরা বৈঠকে বসবেন।

দুস্তরের ক্রিকেট চালু হলে আইসিসি র‌্যাংকিংয়ে থাকা শীর্ষ দলগুলোর সঙ্গে আর খেলার সুযোগ পাবে না বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান কিংবা জিম্বাবুয়ের মতো দলগুলো। অর্থাৎ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড- এই দলগুলো নিজেদের মধ্যে বেশি টেস্ট ম্যাচ খেলবে। এতে ‘বিগ থ্রি’র মতো দলগুলো লাভবান হলেও ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের মতো দলগুলো।

বেশ কয়েক বছর ধরেই দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা চলছে। কিন্তু নানা কারণে এই নতুন ক্রিকেট কাঠামো আলোর মুখ দেখেনি।

এবার অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। অতীতে কখনো এত দর্শক মাঠে ছুটে আসেনি। সাড়ে ৮ লাখের কাছাকাছি দর্শক হয়েছে। বড় দলগুলোর মধ্যে ম্যাচ হলে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়।

সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ী, মূলত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দর্শকের বিপুল সাড়া দেখেই দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে আগ্রহী হয়েছে আইসিসিও। এ ব্যাপারে আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বৈঠকে করবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান মাইক বেয়ার্ড ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

এবার টেস্ট ক্রিকেটের দুই স্তরের কাঠামো প্রসঙ্গটি সামনে তুলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকরা রবি শাস্ত্রী।  তিনি সিডনি মর্নিং হেরাল্ডকে জানালেন, `টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে, প্রতিদ্বন্দ্বীতামূলক করতে হলে, দ্বিস্তর করতে হবে। বড় দলগুলো একে অপরের বিপক্ষে নিয়মিত খেলবে, তাতে প্রতিযোগিতা বাড়বে।’

২০২৭ সালে টেস্ট ক্রিকেটের বয়স ১৫০ বছর হবে। বর্তমানে আইসিসি যে এফটিপি অর্থাৎ ভবিষ্যত ক্রিকেট সূচি রয়েছে আইসিসির, তা শেষ হবে ২০২৭ সালে।  যদি দ্বিস্তরের টেস্ট ক্রিকেট চালু হয়, তাহলে এই কাঠামো অনুযায়ী খেলা অনুষ্ঠিত হবে ওই এফটিপির পর।

দ্বিস্তরের কাঠামো অনুযায়ী প্রথম স্তরের সম্ভাব্য টেস্ট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও পাকিস্তান।  দ্বিতীয় স্তরের সম্ভাব্য দল- বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

২০১৬ সালে প্রথমবারের মতো দ্বিস্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাব করা হয়েছিল। তখন বলা হয়, টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ ৭টি দল প্রথম স্তরের এবং পরের দলগুলো দ্বিতীয় স্তরে খেলবে।  ওই সময় প্রস্তাবিত নতুন টেস্ট ক্রিকেট কাঠামোর বিরুদ্ধে ছিল বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

বিসিসিআইয়ের তৎকালীন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেছিলেন, ‘দুই স্তরের টেস্ট ক্রিকেট চালু হলে ছোট দলগুলোর ক্ষতি হবে। আমরা তাদের ভালো চাই।’ কিন্তু এবার দ্বিস্তর টেস্ট কাঠামোর পক্ষে আছেন আইসিসি চেয়ারম্যান হওয়া ভারতের জয় শাহ। আগে তিনি বিসিসিআইয়ের সচিব ছিলেন।

এখন দেখার বিষয়- দ্বিস্তর ক্রিকেট কাঠামোর আবারো আলোচনার মধ্যেই আটকে যায় নাকি ‘বিগ থ্রি’ আগ্রহে অনুমোদন পেয়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ