দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি দাম রাখা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।
এর আগে, গত ১৯ মার্চ বিকেলে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের ভরি প্রতি দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বেড়েছে এবং ২০ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়—যেখানে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পায়।
এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে