লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা
দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার-এর এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে থেকে তার নাম ঘোষণা করা হয়।
সাত বছর বিরতির পর ফিরে আসা এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে সেরা নির্বাচিত হন বর্ণিতা। বাকি প্রতিযোগীরা ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং ২০০৭ সালের লাক্স সুপারস্টার বিজয়ী বিদ্যা সিনহা মিম। বিজয়ীকে সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফির পাশাপাশি একটি বিলাসবহুল গাড়িও প্রদান করা হয়।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
আয়োজকদের মতে, এবারের আসরে শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল ও কনটেন্ট তৈরির সক্ষমতাকেও মূল্যায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ফরিদুর রেজা সাগর বলেন, লাক্স সুপারস্টার প্ল্যাটফর্ম থেকে উঠে আসা অনেকেই চলচ্চিত্র, নাটক ও ওটিটি মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
প্রতিযোগিতার শুরুতে লক্ষাধিক আবেদন থেকে বাছাই করে ধাপে ধাপে সেরা দশ ও সেরা পাঁচ নির্ধারণ করা হয়। পুরো গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই ও এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে