গাজার হাসপাতালে হামলা: বাইডেনের সাথে আরব নেতাদের বৈঠক বাতিল
গাজার হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে জর্ডানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। এ প্রসঙ্গে জর্ডান জানিয়ে দিয়েছে, বাইডেনের সঙ্গে তিন আরব নেতার যে নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল, তা আর হচ্ছে না। এ ছাড়াও এ ঘটনায় ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে মধ্য গাজার আল–আহলি আরব নামের একটি হাসপাতালে ইসরায়েল বোমা হামলা চালায়। এতে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন বলে আলজাজিরার খবরে জানানো হয়। এর প্রেক্ষিতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং মিশরীয় ও ফিলিস্তিনি নেতাদের সাথে গাজা নিয়ে আলোচনার জন্য আম্মানে আয়োজিত একটি শীর্ষ সম্মেলন বাতিল করেছে জর্ডান।
তিনি আরও বলেন, এই বৈঠক তখনই অনুষ্ঠিত হবে যখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ এবং গণহত্যা বন্ধ হবে।
জানা গেছে, বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণার পরপরই আম্মান থেকে পশ্চিম তীরের রামাল্লার উদ্দেশে রওনা হন ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এদিকে আল–আহলি আরব হাসপাতালে ইসরায়েলের হামলায় হতাহতের ঘটনায় বাইডেন দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে