Views Bangladesh Logo

বিডা-বেজা-পিপিপিএ একীভূত, কার্যকর হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে কার্যকর করে বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এতে বলা হয়েছে, আইনের ধারা ১-এর উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে ২০ আগস্ট থেকে আইনটি কার্যকর করা হলো। এর ফলে বিডা, বেজা ও পিপিপিএর সমন্বয়ে গঠিত নতুন কর্তৃপক্ষ এখন থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে কাজ করবে।

নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো এখনো সম্পন্ন হয়নি। বিভিন্ন উইং ও টিম গঠনের পাশাপাশি অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিলুপ্ত বিডার নির্বাহী সদস্য ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি। তার ভাষ্য, গেজেট কার্যকর হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সব কার্যক্রম ইনভেস্ট বাংলাদেশের নামেই পরিচালিত হবে।

নতুন উদ্যোগের মূল লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত সেবা কাঠামো তৈরি করা। নাহিয়ান রহমান রচি বলেন, বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে বিনিয়োগকারীদের একাধিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হতো। একটি একক ফ্রন্ট ডেস্কের প্রয়োজনীয়তার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। ইনভেস্ট বাংলাদেশ সেই চাহিদা পূরণে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যাতে বিনিয়োগকারীরা আরও সহজ, সমন্বিত ও নির্ভরযোগ্য সেবা পান।

আইন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে পরিচালিত হবে। এর প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। সরকারের অনুমোদন নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে শাখা কার্যালয় এবং বিদেশে লিয়াজোঁ অফিস স্থাপনের সুযোগ থাকবে। কর্তৃপক্ষের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় একজন চেয়ারম্যানসহ মোট আটজনের কাঠামো রাখা হয়েছে। চেয়ারম্যানই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে থাকবে বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের পথে বিদ্যমান বাধা চিহ্নিত ও দূর করা এবং সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা। একই সঙ্গে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা আরও কার্যকরভাবে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

একীভূতকরণের ফলে বিডা, বেজা ও পিপিপিএর বিদ্যমান সম্পদ, নথিপত্র, চুক্তি, দায়-দেনা ও অন্যান্য প্রশাসনিক বিষয় নতুন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও ইনভেস্ট বাংলাদেশের অধীনে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তিন প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পেল এবং নতুন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ