ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ এর পরিচালক অনীক দত্ত’র মৃত্যু
কলকাতার নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী বাঙালি চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকুরিয়ার কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রবীণ এই পরিচালকের আকস্মিক মৃত্যুতে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ‘অপরাজিত ২’ চলচ্চিত্রের কাজ করছিলেন এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটিই হয়তো তার শেষ চলচ্চিত্র হতে চলেছে।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার হিন্দুস্তান পার্কে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে। ছাদ থেকে পড়ে যাওয়ার পরপরই তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে আঘাতের তীব্রতার কারণে পরে তিনি মারা যান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অনীক দত্ত গত কয়েক মাস ধরে তার বাড়িতে একাই থাকতেন এবং তার মেয়ে মুম্বাইতে বসবাস করেন।
২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক করেন অনীক দত্ত। মুক্তি পাওয়ার পর ছবিটি ওই দশকের অন্যতম আলোচিত বাঙালি চলচ্চিত্র হিসেবে জায়গা করে নেয়। সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলী এবং শাশ্বত চ্যাটার্জি অভিনীত এই ছবিটি হরর বা ভূতের গল্পের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গের এক চমৎকার মিশ্রণের জন্য ব্যাপক প্রশংসা কুড়ায়। অনেক দর্শক এবং সমালোচক এখনও এটিকে বাংলা চলচ্চিত্রের একটি অন্যতম মাইলফলক হিসেবে বিবেচনা করেন।
পরবর্তীতে জিতু কামাল অভিনীত ‘অপরাজিত’ চলচ্চিত্রটি পরিচালনা করেন অনীক দত্ত, যা তাকে আরও ব্যাপক স্বীকৃতি এনে দেয়। চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় এবং বক্স অফিসেও দারুণ সফল হয়।
মৃত্যুর আগ পর্যন্ত অনীক দত্ত ‘অপরাজিত ২’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে। তার পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘যত কাণ্ড কলকাতাতেই’, যাতে অভিনয় করেছিলেন আবীর চট্টোপাধ্যায়, কাজী নওশাবা আহমেদ এবং দুলাল লাহিড়ী। ছবিটি গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে