ভোলায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলা পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে মো. শাহাবুদ্দিন ফকির (৪৫) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অফিসারপাড়া এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাবুদ্দিন ফকির ভোলা কোর্ট পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের বাসিন্দা।
ভোলা কোর্টের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. নাছির উদ্দিন জানান, শাহাবুদ্দিন পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকলেও কয়েক দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে যান। মঙ্গলবার সকালে তার ডিউটি থাকলেও তিনি কর্মস্থলে উপস্থিত হননি। একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব না হলে পুলিশ বাসায় গিয়ে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিকের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ৪ মে শাহাবুদ্দিন ফকিরের একমাত্র সন্তান একই বাসায় গলায় ফাঁস দিয়ে মারা যান বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
মতামত দিন