সিলেটের জকিগঞ্জ সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় যৌথ অভিযানে ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এতথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে এই অস্ত্র ও বিস্ফোরকসামগ্রী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, বিস্ফোরকগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।
মতামত দিন