Views Bangladesh Logo

হিলি সীমান্তে মিষ্টি বিনিময়ে ঈদের শুভেচ্ছা বিজিবি-বিএসএফের

দিনাজপুরের হিলি সীমান্তে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও এ সৌহার্দ্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হলো।

শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ নম্বর সাব-পিলার এলাকার শূন্য রেখায় দুই বাহিনীর সদস্যরা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল ও ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের ইনস্পেক্টর রহিত শর্মার মধ্যে মিষ্টির প্যাকেট বিনিময় করা হয়। উভয় পক্ষই চার প্যাকেট করে মিষ্টি উপহার দেয়।

অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুল উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

বিজিবি জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে এ ধরনের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। ঈদুল ফিতর উপলক্ষেও সেই ধারাবাহিকতায় মিষ্টি বিনিময় করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ