Views Bangladesh Logo

দিল্লিতে চলছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক

ভারতের নয়াদিল্লিতে আজ থেকে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক। ৮ থেকে ১১ জুন পর্যন্ত চলা এই চার দিনের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশব্যাক, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার, চোরাচালান এবং সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলবে।সোমবার (৮ জুন) নয়াদিল্লিস্থ বিএসএফ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে তুলে ধরা হচ্ছে সীমান্ত হত্যা ও পুশইনের অভিযোগ। বিজিবির দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন এলাকায় নারী ও শিশুসহ একাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। বিজিবি জানিয়েছে, এসব ঘটনার বিরুদ্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই নাগরিক ফেরানোর প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সীমান্তে একাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

অন্যদিকে ভারতও নিজেদের উদ্বেগের বিষয়গুলো বৈঠকে তুলছে। ভারতীয় পক্ষের বক্তব্য, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে বেড়া নির্মাণে বাধা, চোরাচালান এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনাগুলো উদ্বেগজনক। ভারতের দাবি, যেসব ব্যক্তিকে ফেরত পাঠানো হচ্ছে তাঁরা অবৈধ অনুপ্রবেশকারী এবং তাঁদের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়।

বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে। দুই দেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং সীমান্তসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও আলোচনায় যুক্ত রয়েছেন। দুই দেশের মধ্যে আস্থা বাড়ানো ও সীমান্তে উত্তেজনা কমানোর ক্ষেত্রে এই বৈঠকের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ